ক্রিকেট মাঠে মেজাজ হারানোর খেসারত দিতে হলো ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ডকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণবিধি ভাঙায় তাদের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুজনকেই আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাদের শৃঙ্খলা ভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত শুক্রবার রাঁচিতে অনুষ্ঠিত ম্যাচে ঘটে শাস্তির কারণ হওয়া দুটি ঘটনা। তবে আইসিসি সোমবার এক বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করে। ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান অপরাধে জড়ান ক্যারিবীয় দুই ক্রিকেটার। পাওয়েলের বিরুদ্ধে অভিযোগ, তিনি আচরণবিধির ২.২ ধারা ভেঙেছেন। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম বা মাঠের উপকরণের অপব্যবহার এই ধারার আওতাভুক্ত। ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভারে। মায়াঙ্ক ইয়াদাভের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার সময় হতাশা সামলাতে পারেননি পাওয়েল। আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন তিনি, যা আইসিসির আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় রাদারফোর্ডের বিরুদ্ধে আনা হয় আচরণবিধির ২.৮ ধারা ভাঙার অভিযোগ। ইনিংসের ১৩তম ওভারে একটি ডেলিভারিকে ওয়াইড ঘোষণা না করায় আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। দুই ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এখন ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের লড়াইয়ের মধ্যেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এমন শাস্তি ওয়েস্ট ইন্ডিজের জন্য বাড়তি আলোচনার বিষয় হয়ে উঠেছে।