ঠিকাদারি প্রথার স্থায়ী অবসান, সরাসরি নিয়োগ, চাকরির নিরাপত্তা এবং জাতীয় পে-স্কেল এর আলোকে বেতন নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। এ উপলক্ষে গতকাল (১২ অক্টোবর) রাজধানীর হাতিরপুলে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর উল্লেখ করেন, কমিশনভোগী ঠিকাদারদের কারণে বছরের পর বছর ধরে আউটসোর্সিং কর্মচারীরা শোষিত ও বঞ্চিত হয়ে আসছে। ঠিকাদারি প্রথার বহাল রাখা মানেই কর্মচারীদের বেতন থেকে অর্থ কেটে নেয়া, বোনাস বঞ্চিত করা এবং কর্মচারীদের চাকরিচ্যুতির আতঙ্কে রাখা।
তিনি বলেন, কর্মচারীদের রক্ত চুষে খাওয়ার এ পুরানো নিয়ম ২০২৮ সাল তো দুরের কথা একটা দিনও চলতে দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান আনিস বলেন, যেখানে অর্থ মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর এর আদেশে উল্লেখ রয়েছে যে, আউটসোর্সিং সেবায় কোনো বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান থাকবে না সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা গ্রহণ করা হবে- সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্রমিক নং ৭- এ ১৫/০৪/২০২৫ তারিখের পরিপত্রের অজুহাত দেখিয়ে ২০২৮ সাল পর্যন্ত মধ্যস্বত্বভোগী ঠিকাদারদের সুবিধা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা চরম বৈষম্যমূলক, রহস্যজনক ও বটে। এ সিদ্ধান্ত আউটসোর্সিং কর্মচারীদের দাসত্বের শৃঙ্খলে বন্দি রাখার এক গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। অবিলম্বে তিনি উক্ত সিদ্ধান্ত সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর দাবি জানিয়েছেন।
