নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আকস্মিক আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর আলম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আরিফুল ইসলাম, আনসার-ভিডিপি ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস বলেন, পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা গেলে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দিবসটির কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
The post কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
