গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের ভাড়া বাসা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ভাড়া বাসায় মাদক সেবনের সময় তাঁরা তিনজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্থানীয়রা মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে সারোয়ার মোর্শেদের পুলিশ সদস্য পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানায়, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬