কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন। পরে স্থানীয় কয়েকজন মাদক কারবারি তাঁকে আটক করেন।
কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধারে এগিয়ে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হলে বাহিনীটি দুই পুলিশ সদস্যকে নিয়ে যায়।
ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।
