গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর পারভীন বেগম (৪৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ছুটি নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
নিহত পারভীন বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ বোধ করেন পারভীন বেগম। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার শরীরে স্যালাইন চলছিল বলে জানিয়েছেন স্বজনরা।
নাসরিন নামের এক নারী বলেন, ‘সামান্য জ্বর ছিল শুনলাম। এর বেশী কিছু জানি না। হঠাৎ শুনি হাসপাতালে সে মারা গেছে। বিষয় খুব দুঃখজনক।তার মৃত্যুতে আমরা খুবই কষ্ট পেয়েছি।’
এ বিষয়ে রোববার রবিবার সন্ধ্যায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় বলেন, ‘শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববার পারভীনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’
