কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী বাজারে রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি প্রবাসী পরিবারের সদস্যরা। বিদেশে নিয়ে কাজ ও বেতন না দেওয়া, প্রতিবাদ করায় মিথ্যা সংবাদ প্রকাশ এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগে একই গ্রামের কাদির মিয়ার বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন স্থানীয় পত্রিকা, ফেসবুক আইডি ও পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগীরা বলেন, কাদির মিয়া গ্রামের বিভিন্ন ব্যক্তিকে বিদেশে নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তাঁর মাধ্যমে বিদেশে যাওয়া ব্যক্তিরা মাসের পর মাস কাজ ও বেতন না পেয়ে সেখানে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে, দেশে তাঁদের রেখে যাওয়া স্ত্রী, সন্তান ও মা-বাবা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এর সঙ্গে ঋণের বোঝা ও সমিতির কিস্তির চাপ যুক্ত হয়ে পরিবারগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কাদির মিয়ার পরিবারের সদস্যদের কাছে টাকা ফেরত কিংবা প্রবাসে কাজের ব্যবস্থা করার দাবি জানাতে গেলে তাঁর মা ও স্ত্রী মিথ্যা সংবাদ প্রকাশ করেন। পাশাপাশি ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
এ পরিস্থিতিতে তাঁরা যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএ
