রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে মাদকবিরোধী এক ঝটিকা অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে শুরু হওয়া এই অভিযান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে।
ডিবি সূত্রে জানা গেছে, বহুতল ভবনটিতে নিয়মিত ডিজে পার্টি ও মাদকের আসর বসানো হতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাড়িটির মালিক একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, যিনি এটি অন্য ব্যক্তিদের কাছে ভাড়া দিয়েছিলেন। তবে ভাড়া দেওয়া হলেও সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ ডিজে পার্টি ও মাদকের অবৈধ কারবার চলছিল। অভিযোগের সত্যতা পেয়েই এই সমন্বিত অভিযান চালানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের ‘ম্যান্টেইনেন্স অ্যান্ড রিপেয়ার’ শাখায় কর্মরত রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
