ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। খবর এনডিটিভির
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজস্থানের কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। এতে ২৭ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায় বাসটি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও কান্নার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে থাকা চারটি অ্যাম্বুলেন্সই পাঠানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে সাতজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।
আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা কালেক্টর পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ার এমবিএস হাসপাতালে যান এবং পরিস্থিতির খোঁজখবর নেন।
এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
