সিলেট ভয়েস ডেস্ক · ২১ অক্টোবর, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেন। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে ভালো করা কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন।
আগামীকাল থেকে বসুন্ধরায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবির নির্বাচিত দল। ম্যাচটি প্রথমে তিন দিনের হওয়ার কথা থাকলেও সফরকারীদের অনুরোধে তা দুই দিনে নামিয়ে আনা হয়েছে।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন শুধু জাকের আলী। দলের অন্য কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। ফলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে।
চলমান জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে নজর কেড়েছেন ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম। পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন অথবা ঢাকার জিসান আলম।
এ ছাড়া চার ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীও দলে আছেন। জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলা শামীম হোসেনও সুযোগ পেয়েছেন এই ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ দল গত রোববার ঢাকায় পৌঁছায়। এক দিন বিশ্রামের পর মঙ্গলবার মিরপুরে প্রথম অনুশীলন করে দলটি। প্রস্তুতি ম্যাচ শেষে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
গুগলে আমাদের খবর পেতে
