দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেছেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বর্তমানে তা অব্যাহত রয়েছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি সক্ষম রয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর গভীর ভালোবাসা ছিল। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।
তিনি আরও বলেন, সেই চক্রান্ত তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং বর্তমানে করছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে হটকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী। এটাও মোকাবিলা করতে বিএনপি সক্ষম রয়েছে।
তিনি বলেন, জনগণ যদি বিএনপি সরকারের পাশে থাকে তাহলে যেকোনো চাপ বা ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
এর আগে, রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মেহেদী হাসান সৈকত/বিআরইউ
