গাইবান্ধা প্রতিনিধি:
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার দারিয়াপুর হাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাট এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, ১০ নম্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, দারিয়াপুর হাটের ইজারাদার, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিক পিটন এবং জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শামীম কবির মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক

অভিযানের অংশ হিসেবে দারিয়াপুর হাটের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি কমাতে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সম্মিলিত জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
