যারা একসময় হরতাল-অবরোধ দিয়ে দেশকে অচল করতে চেয়েছিল, বর্তমান বিরোধী দল তাদেরই সঙ্গ দিচ্ছে বলে তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। দেশের চলমান শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজা মণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একসময় ১৭১ দিন, ৭২ দিন কিংবা ৭৩ দিন ধরে হরতাল চালিয়ে দেশকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আজকের বিরোধী দল মূলত তাদেরই ধারাবাহিকতা রক্ষা করছে। তাদের চরিত্র একই সূত্রে গাঁথা। আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করে এখন জীবনযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছি।
ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করা এবং প্রাপ্য অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
আমাদের যেমন সরকারি দল হিসেবে নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে, ঠিক তেমনি বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী দল কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, তা ভেবে দেখার সময় এসেছে। দেশের এই পরিস্থিতিতে লংমার্চ বা রোডমার্চের কোনো যৌক্তিকতা নেই।
পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা।
