নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কিশোর-কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোরে তাদের অপহরণ করা হয়। গ্রেপ্তাররা হলেন- রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনে থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন ও রুমিনা আক্তারকে অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।
ওসি আরও জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনসহ তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
