কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫১ বছর।
গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
বাংলা কবিতার জগতে নিরাভরণ কারিগর হিসেবে পরিচিত ছিলেন রথো রাফি। কবিতা ও অনুবাদে নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছিলেন।
রথো রাফির জন্ম ১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। পেশাগত জীবনে সাংবাদিক হলেও তার মূল পরিচয় ছিল কবি হিসেবে।
গত শতকের নব্বইয়ের দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন ছোটকাগজ আন্দোলন ও প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যিক পরিমণ্ডলের সঙ্গে। প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ গাণ্ডীবের নিয়মিত লেখক ছিলেন তিনি, এমনকি সাময়িকীটির ক্রমশ ক্ষয়িষ্ণু সময়েও।
কবিতার পাশাপাশি অনুবাদক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রথো রাফি। এরিখ ফ্রাইড, চার্লস বুকোস্কি, মুহাম্মদ আল-মাঘুত ও ইয়ারোস্লাভ সাইফার্টের মতো বিশ্বখ্যাত কবিদের কবিতা বাংলায় অনুবাদ করেছেন তিনি।
