বিশ্বকাপের পর নানামুখী সমালোচনা ও প্রশাসনিক জটিলতার টানাপোড়েনের মাঝেই বড় স্বস্তি পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি হিসেবে আরও এক মেয়াদে দায়িত্ব পালনের প্রক্রিয়ায় বিশ্ব ফুটবলের দ্বিতীয় বৃহত্তম নিয়ন্তক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পূর্ণ সমর্থন অর্জন করেছেন তিনি। জাপানের টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেস বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেয়ার বিষয়ে এশীয় অঞ্চলের ৪৭টি সদস্য দেশের অধিকাংশের ইতিবাচক মনোভাব প্রকাশ পায় এই সম্মেলনে।
কংগ্রেসে ইনফান্তিনোর উপস্থিতি ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এএফসি প্রধান শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের প্রক্রিয়ায় আমরা আপনার ও আপনার দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি। এশিয়ার বিভিন্ন দেশ সফর এবং এ অঞ্চলের ফুটবলের উন্নয়নে আপনার দেওয়া প্রতিশ্রুতির গভীরতা আমরা স্পষ্টভাবে অনুধাবন করেছি।’
বর্তমানে ফিফার চতুর্থ মেয়াদে সভাপতি পদ নিশ্চিত করার লক্ষে প্রচারণা চালাচ্ছেন ৫৬ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। আগামী ১৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থায় ইনফান্তিনোর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত কোনো প্রার্থীর নাম সামনে আসেনি। এএফসির এই প্রকাশ্য সমর্থন মার্চ মাসের নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়লো।
