সাকিবুল হাছান
টিকটক আরও অন্তত তিন মাস যুক্তরাষ্ট্রে চালু থাকবে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে তৃতীয়বারের মতো অ্যাপটির বিক্রি না হলে নিষিদ্ধ করার সময়সীমা বাড়াতে যাচ্ছেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেন,
“প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে একটি অতিরিক্ত নির্বাহী আদেশে সই করবেন, যাতে টিকটক চালু থাকে। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ByteDance অ্যাপটি কোনও মার্কিন ক্রেতার কাছে বিক্রি না করায় জানুয়ারিতে এটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল।
লেভিট বলেন, এই ৯০ দিনের সময় বাড়ানোর উদ্দেশ্য হলো—চুক্তি সম্পন্ন করা, যাতে আমেরিকান জনগণ নিশ্চিত হতে পারে যে তাদের ডেটা নিরাপদ ও সুরক্ষিত।
এর আগে ট্রাম্প বিবিসিকে বলেন, “সম্ভবত আমরা টিকটকের সময়সীমা বাড়াবো। সম্ভবত চীনের অনুমোদনও লাগবে। আমি মনে করি আমরা তা পাব।
আইনগতভাবে সময়সীমা বাড়ানোর অধিকার আছে কিনা—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমাদের আছে।”
তবে ট্রাম্পের এই পদক্ষেপ কংগ্রেসের সিদ্ধান্তের বিপরীত, যেখানে আগেই একটি “বিক্রি না করলে নিষিদ্ধ” আইন পাস হয়েছিল এবং যা তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেছিলেন।
ট্রাম্পের শপথগ্রহণের আগের সপ্তাহান্তে টিকটক কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল,
কিন্তু অ্যাপটি পুনরায় চালু হলে টিকটক প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানায়।
সূত্র : বিবিসি
