রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল জব্দ করা হয়েছে এবং মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপরাধে জড়িতদের গ্রেপ্তার এবং অবৈধ আলামত উদ্ধার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ১৯৭ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ১টি চাপাতি ও ১টি কাটার উদ্ধার করে। একই সাথে উদ্ধার করা হয় ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ৯১ গ্রাম হেরোইন। এছাড়া অভিযানে ১৩২টি মোবাইল ফোন, ১টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
