বাঙালি মানেই, 'বারো মাসে তেরো পার্বণ'। তাই দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। এবছর শারদ পূর্ণিমা পড়েছে ২৫ অক্টোবর, রবিবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে লক্ষ্মী দেবীর আরাধনায় প্রসাদ হিসেবে যে পায়েস তৈরি করা হয় তা সারারাত পূর্ণিমার চাঁদের আলোয়, খোলা আকাশের নিচে রাখা হয়। সকাল বেলায় সেই পায়েস প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়।
কিন্তু পুজোর এই প্রসাদ তৈরি করতে গিয়ে অনেকেই নানা সমস্যায় পড়েন। কখনও দেখা যায় দুধ ঠিকমতো ঘন হচ্ছে না, আবার কখনও হয়তো দুধ এবং ভাত আলাদা হয়ে যাচ্ছে। আজ আপনাদের জানাব পুরনো রীতি অনুযায়ী ঘন দুধের পায়েস তৈরির বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে পায়েস রান্না করতে না লাগবে কনডেন্সড মিল্ক, না লাগবে খোয়া ক্ষীর।
পায়েস তৈরির উপকরণ
১ লিটার ফুল ক্রিম দুধ, ১/৪ কাপ গোবিন্দভোগ চাল, ১/২ কাপ চিনি, ৮-১০ টুকরো জাফরান, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো, ১ টেবিল চামচ ঘি এবং পরিমাণমতো কুচোনো কাজু, কিসমিস, আমন্ড এবং পেস্তা।
পায়েস তৈরি করার পদ্ধতি:
প্রথমে ভাল করে চাল ধুয়ে নিয়ে, ২০ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর চাল থেকে জল ঝরিয়ে নিয়ে, হালকা হাতে চালটা সামান্য ভেঙে নিতে হবে।
অন্যদিকে একটা কড়াইয়ে ঘি গরম করে চালটা এক মিনিটের জন্য হালকা ভেজে নিতে হবে। এইভাবে রান্না করলে পায়েস থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। পায়েস খেতেও হবে সুস্বাদু।
এরপর একটা মোটা পাত্রে দুধ ফুটিয়ে নিন। যখনই দুধ ফুটতে শুরু করবে তখন ঘিয়ে ভেজে রাখা চাল দিয়ে আঁচ কমিয়ে দিন। এবার হালকা হাতে অনবরত নাড়তে হবে, যাতে পায়েস তলায় লেগে না যায়। যতক্ষণ না দুধের মধ্যে চাল ফুটে নরম হচ্ছে আর দুধ কমে অর্ধেক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকুন।
চাল সুসিদ্ধ হয়ে এলে পায়েস আরও বেশি সুস্বাদু এবং ঘন করতে পাত্রের গায়ে জমে থাকা সর দুধের সাথে মিশিয়ে দিন। এছাড়া নরম হয়ে আসা চাল চামচ দিয়ে চটকে মিশিয়ে দিলেও পায়েস ঘন হবে। চাল সুসিদ্ধ হওয়ার পর স্বাদ অনুযায়ী চিনি, দুধে ভেজানো জাফরান, এলাচ গুঁড়ো, বাদাম কুচি, কিসমিস দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করে নিন।
https://youtu.be/TTaC77AoBTQ?si=_CHfoV_kxNqgLwzJ
ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পায়েস। শারদপূর্ণিমার রীতি মেনে পূর্ণিমার চাঁদের আলোয় রেখে দেবী লক্ষ্মীকে এই পায়েস নিবেদন করা যেতে পারে। তবে বাইরের খোলা জায়গায় খাবার রাখলে তা পরিষ্কার পাত্র দিয়ে ঢেকে রাখাই ভাল।
