ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে। এই অর্জন ও সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি রুমা বলেন, “সম্প্রীতির বাংলাদেশের অংশীদার আমরা সবাই। এখানে কোনো ভেদাভেদ নেই, ধর্ম বর্ণের কোনো বিভাজন নেই। আমরা সকলেই একসাথে মিলেমিশে সুন্দর ভাবে থাকতে চাই। আপনাদের যে কোন সমস্যা আমাকে জানাবেন। আমি আপনাদের মেয়ে আপনাদেরই বোন। ২৪ ঘন্টা আমার ফোন খোলা আছে। আপনারা দেখেছেন অতীতে আপনাদের অনেক সমস্যা হয়েছে কিন্তু বিএনপি সরকার গঠনের পর আপনারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন ও পূজা অনুষ্ঠান করতে পারছেন।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের মাসিক সম্মানী চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুসহ সব নাগরিকের পাশে রয়েছে সরকার। তিনি নিজেও সব সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিন উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন এমপি রুমা। এ সময় তিনি মণ্ডপগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
এমএ
