প্রকাশিত: ২০:০৭, ২৩ অক্টোবর ২০২৬
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাকবলিত বাস
নাটোরের বড়াইগ্রামে দেশ ট্রাভেলস ও চামেলী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই হেলপার নিহত হয়েছেন। অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের নাটোর-ঢাকা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিনারুল ইসলাম মিলন জানিয়েছেন, দেশ ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, চামেলী পরিবহনের বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। থানা মোড় এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর দুই বাসের অনেক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় নিহত দুই হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
