দাউদকান্দি হাইওয়ে থানা ওসি প্রেমলাল দাস বলেন, “দেখি, মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করতে পারি কি না।”
Published : 13 Oct 2026, 11:12 AM
Updated : 13 Oct 2026, 11:43 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের পাশ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির চাপায় তারা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় দিকে দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানা ওসি প্রেমলাল দাস।
নিহতরা হলেন, উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমান এর ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
ওসি প্রেমলাল দাস বলেন, ভোরে ফজর নামাজ পড়ে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন নজরুল-ঝরনা দম্পতি।
আনুমানিক এক ঘণ্টা পর অন্য পথচারীরা দুইজনকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের কাছে এলে, বা পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে ফেলে চলে যায়।
অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে জানিয়ে ওসি প্রেমলাল দাস বলেন, “দেখি মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি সনাক্ত করতে পারি কি না।”
এদিকে একই সাথে স্বামী ও স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর মধ্যেই তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
