শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সুযোগসন্ধানী মহলের ওপর পুলিশের কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে বিকেলে ডিআইজি প্রথমে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি প্রাচীন কালভৈরব মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পূজাকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই পুলিশের লক্ষ্য। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে নজরদারি অব্যাহত রয়েছে।
এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সঞ্জিব চন্দ্র সাহা বাপ্পী, সাধারণ সম্পাদক মিন্টু সরকার, জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী এবং জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি জীবন ভট্টাচার্য প্রমুখ।
এমএস/
