যশোরে ‘হিজড়া জনগোষ্ঠীর সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অর্পণ মানব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার জয়তী সোসাইটি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা.মৌসুমি বিনতে মানিক, পুলিশ ইন্সপেক্টর রোকসানা খাতুন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের উপ-পরিচালক বিএম কামরুজ্জামান, ২৫০শয্যাবিশিষ্ট বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এ.টি.এম রাফিদ হোসেন। সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন, অর্পণ মানব কল্যান সংস্থার সমন্বয়কারী রুবাইদুল হক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, যশোর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, বাঁচতে শেখা কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়, এসসিডিও যশোরের নির্বাহী পরিচালক সুকান্ত দাস, এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন, ট্রান্সজেন্ডার নীলাশা সুলতানা, ফাবিহা বুশরা প্রমুখ।
সংলাপে সমাজের সব শ্রেণি পেশার মানুষের মতো হিজড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, চাকুরি ও বিভিন্ন কাজে সমান সুযোগ, বৈষম্যহীন পরিবেশ এবং ন্যায্য সেবা নিশ্চিত করার ওপরে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিক সম্পৃক্ততা তহবিলের (সিইএফ) এর সহায়তায় আয়োজিত এ কার্যক্রমে অর্থায়ন ও সহযোগিতা করছে সুইস রেডক্রস, কানাডা সরকার ও ইউরোপীয় ইউনিয়ন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র ডেপুটি ম্যানেজার সৈয়দ আবু সালেহ মাহফুজ।
