সংবাদ · সাধারণ
‘পাপের লাশ’ মন্তব্যে ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান
১৯/১০/২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। সেই সঙ্গে নিজের ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।সম্প্রতি ‘স্টার নিউজ’-এর একটি আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে কামরুজ্জামান রতন বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের স্বজনদের মধ্যে এই বক্তব্য নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।সমালোচনার মুখে দেওয়া ফেসবুক বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, টকশোতে ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন।তিনি আরও বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’নিজের ভুল স্বীকার করে এই সংসদ সদস্য বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াও একটি বিশেষ অনুগ্রহ।বিবৃতিতে নিজের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দেশবাসী, নিহতদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন কামরুজ্জামান রতন।
মূল প্রতিবেদনে যান ↗