ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নাহিদ রানা না থাকায় এ ম্যাচে বড় দায়িত্ব থাকবে তাসকিন আহমেদের ওপর। প্রথম ওভারে এসেই সেটার দায়িত্ব পালন করলেন তিনি। উইকেট এনে দিলেন বাংলাদেশকে।
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে এক রান তুলেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের বোলিং ইনিংসের শুরু করতে এসেছিলেন তাসকিন। তার প্রথম পাঁচ বল থেকে কোনো রান নিতে পারেনি জিম্বাবুয়ে। সেটার প্রেসারে পরে ওভারের শেষ বলে তাসকিনের দারুণ ডেলিভারিতে উইকেট দিয়ে ফিরলেন ওপেনার ব্রায়ান বেনেট।
তাসকিনের ভেতরে ঢোকা বলের কোনো জবাব ছিল না বেনেটের কাছে। বল গিয়ে আঘাত করে বেনেটের প্যাডে। বাংলাদেশের জোড়ালে আবেদনে সাড়া দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও সফল হতে পারেননি বেনেট। ফিরেছেন ৬ বল থেকে শূন্য রানে।
লিটন নেই, কেমন হলো বাংলাদেশের একাদশ?
টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজের দায়িত্বও দেওয়া হয়েছে লিটন দাসকে। বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করার কথা ছিল তার। আগের দিন অধিনায়ক হিসেবে ট্রফি নিয়ে ফটোসেশনও করেছেন তিনি। তবে হঠাৎ করেই টসের সময় দেখা গেল তাওহিদ হৃদয়কে।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।
