নওগাঁর ধামইরহাটে হালিমা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা রশি ও ভোঁতা অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছোট ভাই মজনু (৫৬), তার স্ত্রী হোসনেয়ারা এবং প্রতিবেশী আমিনুর রহমান (৩৯), রবিউল ইসলাম (৩৯) ও মোশারফ হোসেন (৪২)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর ধামইরহাটের ছিলিমপুর গ্রামের বাড়ির সামনের ধান খেত থেকে হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও জানায়, নিহত হালিমা বেগমের জমি এবং অর্থের লোভে আপন ভাই ও ভাইয়ের স্ত্রী তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। সে অনুযায়ী ১৮ অক্টোবর রাতে হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার কানের দুল নেয়ার জন্য দুই কানের লতি কেটে দেয়া হয় এবং পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করা হয়। এরপর মরদেহ বাড়ির পাশে একটি ধান খেত লুকিয়ে রাখে তারা। এঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের জেলে পাঠানো হবে।
