শনিবার (১৭ অক্টোবর) ত্রিশাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, এটিএম মনিরুজ্জামান, অধ্যাপক আলমগীর কবীর, রেজাউল করিম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির ও এইচ এম জোবায়ের হোসাইন, এ এসএম হোসাইন শহীদ, মতিউর রহমান সেলিম, মো. সেলিম, মামুনুর রশিদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সত্য তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপনের মাধ্যমে সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক কালবেলা সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে জনসচেতনতা তৈরিতেও ভূমিকা রেখে চলেছে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে সাংবাদিকদের পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়। পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি ভবিষ্যতেও পাঠকদের আস্থা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উদযাপন করা হয়।
The post ত্রিশালে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন appeared first on ভোরের চেতনা.
