ডেস্ক রিপোর্ট: সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে অনলাইনে বাসা বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না হওয়ায় বাতিল করা হয়।
আজ বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এই অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। তিনি বলেন, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সরকারি বাসা বরাদ্দ পূর্বে প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রমকে আরো জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দ প্রদান সেবা কে স্বয়ংক্রিয় করেছে। অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের ফলে বরাদ্দ প্রত্যাশীরা সহজেই অনলাইনে ফলাফল জানতে পারবেন। এতে ফলাফল জানার ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বাসা বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
