পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো এত বড় চোরের দল মানুষ দেখেনি। তারা ভেবেছিল, লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। হাজার হাজার কোটি টাকা লুট করে তারা দেশ থেকে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং শাস্তিও হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে দাবি করেন তিনি বলেন, ‘বর্তমানে প্রত্যেক মানুষের বাক্স্বাধীনতা রয়েছে। মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারছে। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, ‘শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্যরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাদের পতনের পরও বিদেশে বসে তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।’
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
