মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল বিজনেস সামিট ২০২৬’ (এসআইবিএস)। ৪ দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ অংশগ্রহণ করছে।
বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ সামিট চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের বুথে ‘ইনভেস্ট বাংলাদেশে’র অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সেক্টরের বিভিন্ন তথ্য, উপকরণ/প্রকাশনা ও ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এছাড়াও বাংলাদেশভিত্তিক ব্রেইন স্টেশন ২৩ পিএলসির মালয়েশিয়ান সাবসিডিয়ারি ‘ব্রেইন স্টেশন ২৩ টেক এসডিএন বিএইচডি’র মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশল, ডিজিটাল উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রযুক্তিসেবার সক্ষমতা ও সেবা প্রদানের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। যেমন- যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও এআই থেকে শুরু করে এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন এবং ডিজিটাল আধুনিকায়নের ক্ষেত্রে প্রযুক্তি ইত্যাদি। উল্লেখ্য, ব্যাংকিং, ফিনটেক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও রিটেইলসহ বিভিন্ন খাতে বৈশ্বিক গ্রাহকদের প্রযুক্তি সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ব্রেইন স্টেশন ২৩-এর।
সামিটের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিনিয়োগকারী এবং শিল্প খাতের অংশীদারদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য ও তথ্য-প্রযুক্তির সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে বুথে আগত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সামিট উদ্বোধন শেষে বিভিন্ন বুথ পরিদর্শন এর সময় সেলাঙ্গর রাজপরিবারের যুবরাজ বাংলাদেশের বুথে পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
এসআইবিএস ২০২৬ এর আয়োজনে বাংলাদেশসহ ১৫টি দেশ ৫২৬টি বুথে অংশগ্রহণ করছে। এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, প্রযুক্তি সেবা রপ্তানি এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ প্রকল্প ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আইজে
