বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘুমধুম বিওপির আওতাধীন মন্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযানে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
