ঢাকার বিভিন্ন সমস্যা সমাধান, নাগরিকদের দুর্ভোগ কমানো এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। নগরীর উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সমাধান, মন্দির নির্মাণ এবং পরিচ্ছন্নতাকর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার শুরু থেকেই নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন তিনি। ভবিষ্যতেও এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করে যাবেন। তাঁর মতে, নগরীর মেয়র কে হবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নগরীর বিদ্যমান সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করা। এ ক্ষেত্রে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন।
এলাকার মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবের পাশাপাশি মন্দির নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান ইশরাক হোসেন।
পরিচ্ছন্নতাকর্মীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। এতে তাঁদের পরবর্তী প্রজন্ম শিক্ষার সুযোগ পাবে, বিভিন্ন পেশায় যুক্ত হতে পারবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় মাদকের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। মাদকবিরোধী অবস্থানে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
