জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই ভীষণ ব্যস্ত সময় কাটছে লামিন ইয়ামালের। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের তাই কিছুটা বিশ্রামের প্রয়োজন দেখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবুও এখনই তাকে দলের বাইরে রাখান ‘পরিকল্পনা নেই’ তার।
বিশ্বকাপ জয়ের পর, গত দেড় মাসের একটু বেশি সময়ে দেশের হয়ে চারটি ও ক্লাবের হয়ে ১০ ম্যাচের সবগুলো খেলেছেন ইয়ামাল।
লা লিগায় শনিবার রেয়াল বেতিসের মাঠে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এই ম্যাচের স্কোয়াডেও আছেন ইয়ামাল।
এর আগের দিন সংবাদ সম্মেলনে তারকা ফরোয়ার্ডের গেম-টাইম ম্যানেজ করার কথা বললেন ফ্লিক, তবে তা এখনই নয়। “লামিন স্পেশাল খেলোয়াড় এবং আমি জানি যে (সামনে) তাকে বুঝেশুনে খেলাতে (প্রয়োজনীয় বিশ্রাম দিতে হবে), তবে তার জন্য গুরুত্বপূর্ণ হলো ফুটবল উপভোগ করা এবং এই মুহূর্তে সে তাই করছে। আমি এটাকে বাধাগ্রস্ত করতে চাই না।”
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন ইয়ামাল। লা লিগায় ইতোমধ্যে আট ম্যাচে সাতটিসহ মৌসুমে মোট আটটি গোল করেছেন তিনি। সেই সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯টি। আগামী কয়েকদিনে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে বার্সেলোনার।
বেতিসের পর তারা আগামী সপ্তাহে চিরপ্রতিন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। আর এই দুই ম্যাচের মাঝে আগামী মঙ্গলবার ইউরোপ সেরার মঞ্চে পিএসজির বিপক্ষে খেলবে।
তাই এই সময়ে কোনোরকম ছন্দপতন ছাড়াই ইয়ামালের এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। লা লিগায় আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
