আজকাল ওয়েবডেস্ক: যাবতীয় ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন মাইকেল ক্যারিক। চলতি মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হতাশজনক পারফরম্যান্স ঘিরে সমর্থকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। ঠিক তখনই দলের কোচ প্রকাশ্যে ব্যর্থতার দায় নিলেন। এক আবেগঘন সাংবাদিক সম্মেলনে ক্যারিক বলেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনিই দায়ী। এই কঠিন সময়ে তিনি ফুটবলারদের আড়াল করে সমস্ত সমালোচনা নিজের কাঁধে নিতে প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে বড় ব্যবধানে হারের পর ইউনাইটেডের দুর্দশা আরও প্রকট হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব। এই রেজাল্টের পর থেকেই ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে।
সাংবাদিক সম্মেলনে ক্যারিক বলেন, দলের নেতৃত্ব দেওয়াই তাঁর দায়িত্ব। মাঠে যা কিছু ঘটছে তার জন্য শেষপর্যন্ত তাঁকেই জবাবদিহি করতে হবে। তিনি জানান, কোচ হিসেবে তিনি নিজে সমালোচনার ভার বহন করবেন। যাতে দলের অন্য সদস্যরা অযথা চাপের মধ্যে না পড়েন। ক্যারিক স্বীকার করেছেন যে গত কয়েক সপ্তাহে ইউনাইটেড নিজেদের পরিচিত ছন্দ হারিয়ে ফেলেছে। কোমোর বিরুদ্ধে পারফরম্যান্সকে তিনি 'গ্রহণযোগ্য নয়' বলেও উল্লেখ করেন। একইসঙ্গে ড্রেসিংরুম বিভক্তির অভিযোগ উড়িয়ে দেন। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে ঘিরে ওঠা নানা প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও, দাবি করেন, দলের ঐক্য নিয়ে তিনি এখনও আত্মবিশ্বাসী।
গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ক্যারিক ম্যান ইউকে প্রিমিয়ার লিগের প্রথম তিনে তুলেছিলেন। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিলেন। সেই সাফল্যের কথা মনে করিয়ে তিনি বলেন, দল আগেও ভাল ফুটবল খেলেছে, আবারও সেই অবস্থায় ফিরতে পারবে। সম্প্রতি সমর্থকদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে দলের এবং ফুটবলারদের। সেটা পুনর্গঠনের ওপরও জোর দেন ম্যান ইউ কোচ। সমস্ত চাপ এবং সমালোচনার মধ্যেও নিজের ওপর আস্থা হারাননি ক্যারিক। ইউনাইটেডকে ঘুরে দাঁড় করাতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তাঁর দৃঢ় উত্তর, 'আমার একশো শতাংশ বিশ্বাস, আমরা ঘুরে দাঁড়াব।'
