বরগুনার পাথরঘাটায় যেকোনো মূল্যে চাঁদাবাজি, অবৈধ দখলদারি, মাদক ব্যবসা ও সামাজিক ব্যাধি কিশোর গ্যাং নির্মূল করার চরম হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বলেন, পাথরঘাটায় কিশোর গ্যাং ও মাদকের স্থান নেই।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনজুড়ে চলা সাত দিনের সফরের তৃতীয় দিনে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কঠোর বার্তা দেন।
পাথরঘাটায় কোনো অপরাধীর স্থান হবে না উল্লেখ নুরুল ইসলাম মনি বলেন, হয় পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকবেন। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ সমাজ থেকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ও অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে চিফ হুইপ বলেন, বরগুনা-২ আসনকে একটি মডেল ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তার বিশেষ মাস্টারপ্ল্যান রয়েছে, যা এলাকার মানুষ আগে কখনো কল্পনাও করেনি। উপকূলীয় নদীবেষ্টিত এই জনপদের প্রতিটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তায় কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পাথরঘাটা উপজেলা পরিষদে নবনির্মিত সালামি মঞ্চ এবং স্থানীয় সংসদ সদস্যদের জন্য তৈরি বিশেষ পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরবর্তীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৪৫টি সনাতন ধর্মাবলম্বী পূজামণ্ডপের প্রতিটিতে ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা এবং সরকারি এক টন করে চালের সহায়তার অনুদান তুলে দেন তিনি। এ ছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকা তিনটি জেলে পরিবারের পাশে দাঁড়িয়ে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তরিত করেন চিফ হুইপ।
