নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই নতুন পুলিশ পোস্টে বৃহস্পতিবার রাতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
ওই রাতে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাত সাড়ে ১১টার দিকে চার্জার অটোরিকশা পরীক্ষা করার সময় সন্দেহজনক মনে হওয়ায় অটোরিকশা ও চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অটোরিকশাচালক নওগাঁর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. নাসির উদ্দিন সাগর (৩১) স্বীকার করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় নাটোরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে আসেন এবং সেটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
পরবর্তীতে গাড়ির মালিক নাটোর সদর উপজেলার নারায়ণকান্দি গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় আসেন এবং গাড়িটি দেখে নিজের বলে শনাক্ত করেন। পরে গাড়ির মালিক বাদী হয়ে গতকাল শুক্রবার আত্রাই থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানায় মামলা রুজু করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এবং রাতের বেলায় কয়েকটি চেকপোস্ট চালু রয়েছে।
