নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগের দুই, ঢাকা উত্তর সিটির দুই এবং রংপুর বিভাগের একজন রয়েছেন। তাদের মধ্যে নারী তিনজন এবং পুরুষ দুজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯১, খুলনায় ১৪১, রাজশাহীতে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০, চট্টগ্রামে ১০৫, ময়মনসিংহে ৮০, রংপুরে ৭২ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৫৭ জন। তাঁদের মধ্যে নারী ৫৩ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৬ দশমিক ৯ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছেন ১১২ জন। এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩১৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গুগলে আমাদের খবর পেতে
