২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বয়সসীমা নির্ধারণ করে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। এতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ৫ থেকে ৭ বছরের মধ্যে। দ্বিতীয় শ্রেণিতে ৬ থেকে ৮ বছর, তৃতীয় শ্রেণিতে ৭ থেকে ৯ বছর, চতুর্থ শ্রেণিতে ৮ থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে ৯ থেকে ১১ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ষষ্ঠ শ্রেণিতে ১০ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে।
ভর্তির আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
