ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম’র বক্তব্যযুক্ত একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
পোস্টে দাবি করা হচ্ছে সারজিস আলম “ভারতীয় ককরোচ পার্টির চেয়ারম্যান দিকনির্দেশনা চেয়ে আমাকে ফোন দিয়েছিলো। এই আন্দোলন কিভাবে চালাবে সেটা তাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি।” শীর্ষক মন্তব্যটি করেছেন।
তবে অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথমে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে বাস্তব দাবিতে মানব গুহ পোস্ট করেছেন।
বিস্তারিত
সারজিস আলম এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে সারজিস আলম এমন কোনো করার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
এমনকি সারজিস আলমের ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
দাবিটির সূত্রপাত
আলোচিত মন্তব্যটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ‘Gupto TV’ নামে একটি ফেসবুক পেজ থেকে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমন দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, এ পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে, Gupto TV নামে ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
অতএব, “ভারতীয় ককরোচ পার্টির চেয়ারম্যান দিকনির্দেশনা চেয়ে আমাকে ফোন দিয়েছিলো। এই আন্দোলন কিভাবে চালাবে সেটা তাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি।” শীর্ষক মন্তব্যটি সারজিস আলমের নয়।
