গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যোগ দিয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানার ভেতরে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা চেরাগআলীর ওই কারখানায় পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ শুরু করে। এরপর একে একে যোগ দেয় আরও ১২ ইউনিট।পরবর্তীতে পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের মূল কারণ, প্রারম্ভিক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সংবাদ: টঙ্গী
২৩ সেপ্টেম্বর ২০২৫
