খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন হাসান (২২) ও মিথিলা খাতুন (১৬) নামের তরুণ ও তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা খাতুন চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নাজমুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে অয়নকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিল মিথিলা। কয়ারপাড়া টালিখোলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অয়ন নিহত হন। গুরুতর আহত মিথিলাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
