সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। আয়োজক শহর রিয়াদে ধারাবাহিক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২১ অক্টোবর। গ্র্যান্ড স্ল্যাম জয়ী কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচ ও আলেক্সান্ডার স্ফেরেফের মতো তারকাদের তিন দিনের এই টুর্নামেন্টে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা ছিল।
সপ্তাহান্তে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালানোর পর থেকেই এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। গত শনিবার রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন।
হুতিরা সৌদি আরবের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পর দেশটির জ্বালানিমন্ত্রী কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সৌদি প্রো লিগের তিনটি ম্যাচও স্থগিত করা হয়েছে মঙ্গলবার; এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাস্রের ম্যাচও রয়েছে।
আঞ্চলিক এই সংঘাতের কারণে আগামীতে আরও কিছু ক্রীড়া ইভেন্টে প্রভাব পড়তে পারে।
‘সিক্স কিংস স্ল্যাম’-এর আয়োজকরা বিবিসিকে বলেছে, “এই সিদ্ধান্তটি সর্বোচ্চ মানের ক্রীড়া ইভেন্ট উপহার দেওয়ার ক্ষেত্রে ‘রিয়াদ সিজন’-এর প্রতিশ্রুতির দিকটিই তুলে ধরছে। টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার মানের ওপর এর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই টুর্নামেন্টটির ভেন্যু এএনবি অ্যারেনা রিয়াদের উত্তরাঞ্চলে অবস্থিত, যা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে।
এটি প্রদর্শনীমূলক টুর্নামেন্ট হলেও রেকর্ড পরিমাণ পুরস্কারের অর্থের কারণে বিশ্বের শীর্ষ খেলোয়াড়রা এতে অংশ নেন। ২০২৪ সালে আলকারাস স্বীকার করেছিলেন যে, আর্থিক বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; কারণ তিনি মাত্র চার দিনে ১৫ লাখ ডলার আয় করেছিলেন।
গতবারের শিরোপা জয়ী ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার চোটের কারণে এবারের আসর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।
তৃতীয় আসরটি এখন ২৭-৩০ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
সৌদি প্রো লিগে আল রিয়াদ ও আল হিলালের মধ্যকার ম্যাচ এবং জেদ্দায় আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার ম্যাচটিও ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
জেদ্দা-ভিত্তিক আরেক ক্লাব আল আহলির মাঠে আল নাস্রের ম্যাচটি আগামী মার্চে সরিয়ে নেওয়া হয়েছে।
ম্যাচগুলোর সূচি পরিবর্তনের কারণ হিসেবে লিগ কর্তৃপক্ষ ‘লজিস্টিক সংক্রান্ত বিষয়’-এর কথা উল্লেখ করেছে।
গত সোমবার ক্ষেপণাস্ত্র সতর্কতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে আল নাস্রের হয়ে গোল করেন ৪১ বছর বয়সি পর্তুগিজ তারকা রোনালদো।
