ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনার বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকাররত অবস্থায় ১০ জেলেকে দুটি মাছ ধরার ট্রলারসহ আটক করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০), মো. সুমন (৩২), মো. ইব্রাহিম (২৫), মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মো. রাকিব (২৫)। তাদের সবার বাড়ি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে কেউ সরকারি আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
