কালবেলা · সাধারণ
ফরিদপুরে ৩ জেলের কারাদণ্ড, ২৪ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস
২০/১০/২০২৬

মা-ইলিশ সংরক্ষণে ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪ থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার চরমানাইর, নারিকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়ন-সংলগ্ন পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. পলাশ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে তিন জেলেকে আটক করা হয়।
তারা হলেন- সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাসিয়া গ্রামের মজিবুর শিকদারের ছেলে মো. রুবেল হোসেন, চরনাসিরপুর ইউনিয়নের কাড়ালকান্দি গ্রামের দবির কাড়ালের ছেলে হিরন কাড়াল এবং একই ইউনিয়নের হালিম হাওলাদারকান্দি গ্রামের কাশেম খলিফার ছেলে কুদ্দুস খালাসি।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে জব্দ করা ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা-ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চলছে।
মূল প্রতিবেদনে যান ↗