প্রকাশিত: ১৫:৪৮, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:৫০, ১৮ অক্টোবর ২০২৬
বাফুফের কর্মকর্তাদের সাথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকায় পা রাখলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তাঁর এই বাংলাদেশ সফরে ছিল না ফুটবলবিষয়ক কোনো আনুষ্ঠানিক কর্মসূচি। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফাপ্রধান।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইনফান্তিনো। তাঁর অবস্থান স্বল্প সময়ের জন্য হলেও ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ভিআইপি লাউঞ্জে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের শীর্ষ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। ইনফান্তিনোর আকস্মিক এই যাত্রাবিরতিকে কাজে লাগিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ নেয় বাফুফে।
এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবার ঢাকায় যাত্রাবিরতির সময় আবারও তাঁদের সাক্ষাৎ হলো।
