রাজধানীর চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া ও অটোরিকশা সমস্যার সমাধান চাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি প্রশ্ন রেখেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে এসব বিষয় উল্লেখ করেন বরেণ্য এই শিল্পী।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সোহেল রানা বলেন, “রাজনৈতিক কোনো বক্তব্য নয়, ছোট দুটো জিজ্ঞাসা। এক. ঢাকা শহরের মধ্য থেকে চারটি বাস টার্মিনাল দূরে সরিয়ে নেয়া। দ্বিতীয়ত. ব্যাটারি চালিত রিকশা লাইসেন্সের আওতাধীন আনা। অনেকদিন হয়ে গেল আপনার নির্দেশ পালিত হচ্ছে না।”
দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেন সোহেল রানা। তার মতে, “সরকার যে ইচ্ছে করলে পারে, তা এবার আমরা দুর্গাপূজাতে দেখেছি। কোনো স্থানে কোনো অঘটন ব্যতিরেকে অত্যন্ত আনন্দের মধ্যে পূজা উদযাপিত হয়েছে। সেই একই আইনশৃঙ্খলা বাহিনী অন্য স্থানে দুর্বল কেন বোঝা যাচ্ছে না!”
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখে সোহেল রানা বলেন, “আপনার নির্দেশ কেন পালিত হচ্ছে না, প্রশ্নটা আপনাকে করে গেলাম। আশা করব, দ্রুত সময়ের মধ্যে অন্ততপক্ষে যন্ত্রণাদায়ক এই দুটোর দ্রুত সমাধান করে দেবার নির্দেশ দান করবেন।”
একটি ফলোআপ টিম গঠনের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করে সোহেল রানা বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পালিত হয় কিনা, তা দেখার জন্য একটি ফলোআপ কমিটি করে দিলে ভালো হয়। চার দিন আগে আপনি চেক করে আসার পরে, শিশু হাসপাতালের অবস্থা কী সেটুকু আপনাকে জানানো বোধহয় প্রয়োজন। আমাদের একটি ফলোআপ টিম দরকার। পাওয়ার ফুল ফলোআপ টিম।”
সোহেল রানার এসব চাওয়ার সঙ্গে সহমত পোষণ করে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। হাসান খান লেখেন, “যথাযথ বলেছেন আমার প্রিয় নায়ক।” রেজাউল ইসলাম রেজা বলেন, “অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশ পালিত হওয়া উচিত।”
