নিজস্ব প্রতিবেদক
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি চালু করেছে একটি আধুনিক কল সেন্টার, যার মাধ্যমে সেবাগ্রহীতারা এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং অভিযোগ সংক্রান্ত সহায়তা পেতে পারবেন। কল সেন্টারের নির্ধারিত নম্বর: +৮৮০৯৬৯৯৮০০১৮৮
এই কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজউকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে নাগরিকরা সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন, যা সেবাপ্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি জনগণের সঙ্গে সংস্থাটির যোগাযোগ আরও কার্যকর ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন এই সেবা চালুর ফলে নাগরিকদের ভোগান্তি কমে আসবে এবং সেবা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
