যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার (২০ অক্টোবর) পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি তেহরানে যান বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে জানিয়েছিলেন, আসিম মুনিরের এ সফরের মূল লক্ষ্য তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।
সফরটিতে কোনো রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া কিংবা সামরিক হুমকি দেওয়ার বিষয় রয়েছে কি না, এমন জল্পনার জবাবে বাঘাই বলেন, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে আলোচনা ও সমঝোতা নিয়ে মতবিনিময় হয়। তবে অধিকাংশ আলোচনার কেন্দ্রবিন্দু থাকে দ্বিপক্ষীয় সম্পর্ক।
তিনি প্রতিবেশী দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন।
এমন এক সময়ে আসিম মুনিরের এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের বিরোধ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চললেও তা এখনো অচলাবস্থা কাটিয়ে উঠতে পারেনি।
এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পর উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে পাকিস্তান। ফলে আসিম মুনিরের এ সফর দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
