যাত্রা শুরুর প্রায় দেড় যুগ পর প্রথমবারের মতো নারী প্রধান তথ্য কমিশনার পেল তথ্য কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দুই সাংবাদিক এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নাহরিন ইসলামের নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে তথ্য কমিশনে ছয়জন প্রধান তথ্য কমিশনার দায়িত্ব পালন করেছেন। তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আটজন। তাঁদের মধ্যে চারজন নারী থাকলেও প্রধান তথ্য কমিশনার পদে এবারই প্রথম কোনো নারী নিয়োগ পেলেন।
নাহরিন ইসলাম সংবাদমাধ্যম ও টেলিভিশনে বিএনপিঘরানার গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকেও তাঁকে গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে অংশ নিতে দেখা গেছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে সরকারের অবস্থান ব্যাখ্যা করতেও দেখা গেছে তাঁকে।
নাহরিন ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই দেশের ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমা নেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেককে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে পদটি শূন্য ছিল।
নতুন প্রধান তথ্য কমিশনারের পাশাপাশি নিয়ম অনুযায়ী দুজন তথ্য কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের একজন ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। তিনি এর আগে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যজন দৈনিক দিনকালের সহকারী সম্পাদক খান মোহাম্মদ আবুল হোসেন।
সানা/আপ্র/১৭/১০/২০২৬
